ফিনল্যান্ডে অবিবাহিতদের বিনা খরচে ভ্রমণের বিজ্ঞপ্তি তখনো প্রকাশিত হয়নি। তাই স্বঘোষিত চিরকুমার নাঈম ভাইয়ের তত্ত্বাবধানে লেক ও পাহাড় দেখার সুযোগ হয়েছিল আমাদের। এখন তাঁর সঙ্গে কোথাও যাওয়ার ইচ্ছা প্রকাশ করলেই তিনি রেগে বলেন, ‘আপনারা চান না আমি ফিনল্যান্ড যাই। নিজেরা তো বিয়ে করে বসে আছেন।’
দেশে প্রেমিকা জোটাতে না পারা এই ভাই যখন বিদেশে যাওয়ার স্বপ্ন দেখছেন নারীর টানে, তখন তাঁকে বাধা দেওয়ার ইচ্ছা আমাদের নেই। বরং কয়েক দিন আগের ভ্রমণের জন্য তাঁর প্রতি কৃতজ্ঞতা জানাতেই হয়। তাঁর উদ্যোগেই দেশের সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত সাধু পানি হ্রদ এবং দেশের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কেওক্রাডং দেখার সুযোগ হয়েছে আমাদের।
মঙ্গলবার রাত ১১টার দিকে রাজধানীর ফকিরাপুল থেকে আমাদের বাস ছেড়ে যায়। দলে সদস্য ছিল মোট ৯ জন। নাঈম ভাই ছাড়া অন্য কারও সঙ্গে আমার আগে পরিচয় ছিল না। সদস্যসংখ্যা বিজোড় হওয়ায় বাসে অন্য এক যাত্রীর সঙ্গে বসতে হলো আমাকে।
ঢাকার সড়ক পেরিয়ে কয়েকবার ঘুমানোর চেষ্টা করলাম। কিন্তু বাসের গতি দেখে মনে হচ্ছিল, সেটি যেন বাতাসের বেগে ছুটছে। সড়কপথে বিমানে চড়ার অনুভূতি হওয়ায় আতঙ্কে আর ঘুমানো হলো না।
বুধবার ভোর ৫টার দিকে বাস পৌঁছাল চট্টগ্রামের কেরানীহাটে। সেখান থেকে দুটি সিএনজিতে বান্দরবান শহরে গেলাম। একটি হোটেলে সকালের নাশতা সেরে আগে থেকে ঠিক করে রাখা চাঁদের গাড়িতে চড়ে শুরু হলো রুমার উদ্দেশে যাত্রা।
ওয়াই জংশনের কাছের চেকপোস্টে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিতে হলো। সেখানে কিছুক্ষণ ছবি তোলার পর আবার যাত্রা শুরু। কিছুদূর এগোতেই রুমা ট্যুরিস্ট অ্যাসিস্ট্যান্ট সেন্টার। সেখানে নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে ফরম পূরণ করতে হয়। নাম, ঠিকানা ও জাতীয় পরিচয়পত্রের নম্বর দিয়ে নিবন্ধন সম্পন্ন করতে হয়। প্রাপ্তবয়স্কদের জন্য জনপ্রতি প্রবেশ ফি ৫০ টাকা। নাঈম ভাই সবার তথ্য দিয়ে বিকাশের মাধ্যমে ফি পরিশোধ করলেন।
বেলা ১১টার দিকে পৌঁছালাম রুমা বাজারে। সেখান থেকে গাইডসহ চাঁদের গাড়ি নিয়ে বগালেকের উদ্দেশে রওনা দিতে হবে। নাঈম ভাই আনোয়ার নামে একজন গাইড ঠিক করলেন। গাড়ির সিরিয়াল নিতে গিয়ে জানা গেল, পূজার ছুটির কারণে পর্যটকদের ভিড় অনেক বেশি। গাড়ি পেতে আরও দেড় থেকে দুই ঘণ্টা অপেক্ষা করতে হবে।
গাইডকে সঙ্গে নিয়ে নাঈম ভাই বাজারের দিকে গেলেন। আমিও তাঁদের সঙ্গে যোগ দিলাম। রাতে বারবিকিউ করার জন্য মুরগি, মসলা, মুড়ি-চানাচুরসহ প্রয়োজনীয় জিনিসপত্র কেনা হলো। বাজার শেষ করে ফিরে এসেও গাড়ির কোনো খবর পাওয়া গেল না।
রুমা বাজারের একটি খাবারের হোটেলে বসে সবাই অপেক্ষা করছিলাম। হোটেলটির নিয়ম ছিল বেশ বিচিত্র—খাবার অর্ডার না করলে মাথার ওপরের ফ্যানও বন্ধ থাকে! গাড়ি আসতে দেরি হওয়ায় নাঈম ভাই সবার জন্য খাবারের ব্যবস্থা করলেন। অর্ডার দেওয়ার সঙ্গে সঙ্গেই ফ্যান ঘুরতে শুরু করল।
খাওয়া প্রায় শেষ, এমন সময় সিরিয়াল থেকে গাড়ি আসার খবর পাওয়া গেল। খাবার শেষ করে সবাই গাড়িতে উঠে পড়লাম।
রুমা থানার কাছেও একটি এন্ট্রি পয়েন্ট রয়েছে। প্রয়োজনীয় তথ্য দিয়ে নিবন্ধন শেষ করে গাড়ি ছুটল বগালেকের দিকে।
বান্দরবান শহর থেকে প্রায় ৭০ কিলোমিটার এবং রুমা থেকে প্রায় ১৭ কিলোমিটার দূরে বগালেকের অবস্থান। প্রচলিত তথ্য অনুযায়ী, সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা প্রায় ১ হাজার ২৪৬ ফুট।
বগালেকের সৃষ্টি নিয়ে বিভিন্ন মত রয়েছে। কারও মতে, এটি মৃত আগ্নেয়গিরির জ্বালামুখ থেকে সৃষ্টি হয়েছে। আবার কেউ মনে করেন, উল্কাপিণ্ডের পতন কিংবা ভূমিধসের ফলে লেকটির সৃষ্টি হতে পারে। এ ছাড়া বম, মারমা, ম্রো, খুমি ও ত্রিপুরা জাতিগোষ্ঠীর মধ্যে এই লেক ঘিরে নানা পৌরাণিক কাহিনি প্রচলিত রয়েছে।
আঁকাবাঁকা পাহাড়ি পথ বেয়ে গাড়ি এগিয়ে চলল। বেলা ৩টার দিকে পৌঁছালাম বগালেকের প্রবেশপথে। আনোয়ার ভাই ও নাঈম ভাই প্রয়োজনীয় নিবন্ধন সম্পন্ন করে আমাদের নিয়ে গেলেন কটেজে। কাঠের তৈরি মাচাংয়ের দ্বিতীয় তলায় থাকার ব্যবস্থা হয়েছিল।
রুমে ব্যাগ রেখে সবাই নেমে গেলাম লেকের পানিতে গোসল করতে। নারী ও পুরুষের জন্য আলাদা ঘাট রয়েছে। নীলাভ পানিতে তখন অসংখ্য পর্যটক গোসল করছিলেন। প্রায় ১০ থেকে ১৫ মিনিট পানিতে কাটিয়ে ফিরে এলাম কটেজে।
বিকেলে বের হলাম চারপাশের সৌন্দর্য দেখতে। লেকের প্রবেশপথের সামনের রাস্তার পাশে দুটি খাড়া পাথুরে পাহাড়ের মাঝখানে দাঁড়িয়ে চোখে পড়ল অপূর্ব দৃশ্য। দূরের পাহাড়ের সবুজ গাছপালার ফাঁক দিয়ে বিকেলের সূর্যের আলো যেন নিয়ন বাতির মতো জ্বলজ্বল করছিল।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকদের ভিড় ছিল সেখানে। সবাই মোবাইল ক্যামেরায় প্রকৃতির সৌন্দর্য ধরে রাখতে ব্যস্ত। ছবি তোলার প্রতিযোগিতা দেখতে দেখতে সূর্য পাহাড়ের আড়ালে হারিয়ে গেল।
সন্ধ্যার পর পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠল পুরো এলাকা। সেখানে নিয়মিত বিদ্যুৎ নেই। রাত ১১টা পর্যন্ত সৌরবিদ্যুৎ থাকে। এ ছাড়া রাত ৭টার পর কয়েক ঘণ্টার জন্য জেনারেটর চালানো হয়।
লেকের পাড়ের একটি জায়গা সুন্দরভাবে আলোকসজ্জা করা ছিল। দলের সবাই সেখানে গিয়ে কিছু সময় কাটালাম। রাত ৮টার দিকে কটেজে ফিরে বারবিকিউয়ের আয়োজন করা হলো। পুরো এলাকায় তখন আমাদের দলই একমাত্র বারবিকিউয়ের আয়োজন করেছিল। অন্য পর্যটকেরাও আগ্রহ নিয়ে দৃশ্যটি দেখছিলেন এবং ছবি তুলছিলেন।
রাতের খাবারে ছিল পরোটা ও বারবিকিউ। সবাই একসঙ্গে বসে খাওয়াদাওয়া শেষে আবার ঘুরতে বের হলাম। এরই মধ্যে দলের সদস্যদের মধ্যে বেশ আন্তরিকতা তৈরি হয়েছে। কাউকেই আর অপরিচিত মনে হচ্ছিল না।
রাতের নির্জনতায় সহজেই ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে নাশতা সেরে যাত্রা হবে কেওক্রাডংয়ের দিকে।
বৃহস্পতিবার ভোরে ঘুম ভাঙল। একাই রুম থেকে বের হয়ে গেলাম। ভোরের আলো ফুটতেই অনেক পর্যটক চাঁদের গাড়িতে কেওক্রাডংয়ের উদ্দেশে রওনা হচ্ছিলেন। তবে আমাদের কোনো তাড়া ছিল না। কারণ, কেওক্রাডংয়ে রাত কাটানোর পরিকল্পনা ছিল।
বগালেকের সকাল, দুপুর ও রাত—প্রতিটি সময়ের প্রকৃতি যেন আলাদা। সকালে কোমল পরিবেশ, দুপুরে রোদের ঝলকানি আর রাতে নীরবতা।
নাশতার আগে রেজা ভাই বললেন, মেয়েরা কী সুন্দর করে সাজগোজ করে ছবি তুলছে, অথচ তাঁর মুখে পাকা দাড়ি উঁকি দিচ্ছে। শেভ করার সরঞ্জাম সঙ্গে থাকলেও আয়না নেই।
আমি মোবাইলে নিজের চেহারা দেখে বললাম, ‘ভাই, আমার কাছে ট্রিমার আছে। চলেন, আয়নার সন্ধান করি।’
তিনটি দোকানে খুঁজেও আয়না না পেয়ে শেষ পর্যন্ত রিসোর্টের মালিকের সাহায্য নিতে হলো। অবশেষে পাওয়া গেল একটি ভাঙা আয়না। সেটি নিয়েই খুশিমনে লেকের ধারে চলে গেলাম। পালাক্রমে দুজন শেভ করে নেমে পড়লাম লেকের পানিতে। দ্বিতীয় দিনের মতো গোসলের সুযোগ হাতছাড়া করতে চাইনি।
এরপর ডিম খিচুড়ি খেয়ে সতেজ মনে রওনা দিলাম কেওক্রাডংয়ের উদ্দেশে।
উঁচু-নিচু পাহাড়ি ঢাল বেয়ে ছুটে চলছিল চাঁদের গাড়ি। রাস্তার কয়েকটি বাঁক থেকে বগালেককে দেখা যাচ্ছিল শিল্পীর আঁকা তৈলচিত্রের মতো। গাড়ি যত ওপরে উঠছিল, পাহাড়ের সৌন্দর্য ততই মুগ্ধ করছিল আমাদের। মনে হচ্ছিল, দূরের আকাশ আর পাহাড় একাকার হয়ে গেছে।
এমন চোখজুড়ানো দৃশ্য দেখতে দেখতে সকাল সাড়ে ১০টার দিকে পৌঁছে গেলাম কেওক্রাডংয়ে। নাঈম ভাই গাইডকে নিয়ে চেকপোস্টে নিবন্ধন করাতে গেলেন। আমরা পাশের একটি দোকান থেকে চা নিয়ে দূর আকাশে ভেসে বেড়ানো মেঘের খেলা দেখতে লাগলাম। হঠাৎ একঝাঁক মেঘ এসে শিশিরের মতো ভিজিয়ে দিল আমাদের। কিছুক্ষণের জন্য মনে হলো, হারিয়ে গেছি মেঘের রাজ্যে।
মেয়েদের থাকার জন্য পাহাড়ের চূড়ায় লালা গেস্ট হাউস এবং আমাদের জন্য মাউন্টেন ভিউ রিসোর্ট আগে থেকেই ঠিক করা ছিল। আমাদের রুমের বারান্দা থেকে পুরো পাহাড়ের দৃশ্য দেখা যায়। বারান্দায় বসে এমন মনোরম দৃশ্য উপভোগ করার অভিজ্ঞতা আগে কখনো হয়নি।
নাঈম ভাই জানালেন, দুপুরের খাবার শেষে আমাদের নিয়ে যাবেন সুনসাংপাড়ায়।
আমরা যখন বের হওয়ার প্রস্তুতি নিচ্ছি, তখন রেজা ভাইয়ের সাবেক বান্ধবী শিমুল আপা এসে তাঁকে বেশ কড়া ভাষায় বললেন, ‘তুমি আসার পর থেকে একই জামাকাপড় পরে আছ। এখন যদি পোশাক পরিবর্তন না করো, তাহলে আমাদের সঙ্গে যাওয়ার প্রয়োজন নেই।’
আপা চলে যাওয়ার পর আমি রেজা ভাইকে জিজ্ঞেস করলাম, ‘ভাই, কী করবেন?’
আমি মজা করে বললাম, বান্ধবী থাকলে পাহাড়-সমুদ্র যেখানেই যান, এমন চাপ থাকবেই। এরপর চাকরিপ্রত্যাশী শিক্ষার্থীর মতো পরিপাটি হয়ে গেলেন রেজা ভাই। তাঁর প্রভাব পড়ল আমাদের ওপরও। সাধ্যমতো সবাই পুরোনো পোশাক পরিবর্তন করে খাবার খেতে গেলাম।
দুপুরের খাবারে ছিল মিষ্টি কুমড়ার সবজি ও পাহাড়ি গয়ালের মাংস। খাবার বেশ সুস্বাদু ছিল।
এবার আমাদের গন্তব্য সুনসাংপাড়া। এই পথে যাঁরা একবার গিয়েছেন, তাঁরাই জানেন পথটি কতটা ভয়ংকর অথচ সুন্দর। চারপাশের পাহাড়ি সৌন্দর্য যেমন মন ভরিয়ে দেয়, তেমনি রোলার কোস্টারের মতো খাড়া-ঢালু পথে গাড়ি চলার সময় ভয়ে গলা শুকিয়ে আসে।
এমন রোমাঞ্চকর যাত্রার মধ্য দিয়ে পৌঁছে গেলাম সুনসাংপাড়ায়। বম জাতিগোষ্ঠীর এই পাড়াটি বেশ সুন্দর ও গোছানো। রাস্তার এক পাশে সারি সারি দোকান। সেখানে পাহাড়ি ফল, লেবুর শরবত ও চা পাওয়া যায়।
কিছুক্ষণ ঘোরাঘুরি করে একটি দোকানে লেবুর শরবত ও রঙ চা খেলাম। এরপর আবার গাড়িতে উঠে পড়লাম। সূর্যাস্তের আগেই কেওক্রাডংয়ে ফিরতে হবে। সেখান থেকেই সূর্যাস্ত দেখার পরিকল্পনা।
ফেরার পথে একটি জায়গায় গাড়ি থামানো হলো ছবি তোলার জন্য। কেওক্রাডংয়ে পৌঁছানোর সময় সূর্য পশ্চিম আকাশে হেলে পড়েছে। সবাই দল বেঁধে বসে সূর্যাস্ত উপভোগ করতে লাগলাম। দেখতে দেখতে সূর্য রক্তিম বর্ণ ধারণ করে পাহাড়ের আড়ালে হারিয়ে গেল।
সন্ধ্যায় মৃদু ঠান্ডা বাতাস বইছিল। কয়েক দফায় মেঘের ভেলা পাহাড়ের ওপর দিয়ে ভেসে চলে গেল।
রাতের আকাশ ছিল বেশ পরিষ্কার। চাঁদের আলোয় চারপাশ আলোকিত হয়ে উঠেছিল। রাতের খাবার শেষে আমরা নিজেদের মতো ঘোরাফেরা করছিলাম। হঠাৎ খেয়াল হলো, আমাদের দলের ইসরাত আপা ও সানজিদা আপা নেই।
খোঁজ করতে গিয়ে তাঁদের পাওয়া গেল সুনসাংপাড়ায় যাওয়ার পথে। গাইড আনোয়ার ভাইয়ের সঙ্গে বসে তাঁরা গল্প করছিলেন। আমরাও সেখানে গিয়ে আড্ডায় যোগ দিলাম।
আনোয়ার ভাই বেশ ভালো গল্প বলতে পারেন। বাঘের পিঠে চড়ে পাহাড় ভ্রমণ কিংবা লেকের পানিতে হাঙরের পেট থেকে বের হয়ে আসার মতো অবিশ্বাস্য গল্প শুনিয়ে মানুষকে মুগ্ধ করার অদ্ভুত ক্ষমতা আছে তাঁর।
চাঁদের আলোয় আড্ডা ও ঘোরাঘুরি শেষে মাঝরাতে সবাই রুমে ফিরে গেলাম। পরদিন সকালে ফিরতে হবে।
শুক্রবার সকালে কেওক্রাডং থেকে চেকআউট করে রওনা দিলাম রুমার উদ্দেশে। কিছুদূর এগোতেই পড়ল দার্জিলিংপাড়া। সেখানে একটি বাড়িতে আমাদের সকালের খাবারের আয়োজন করা হয়েছিল।
আদা ফুলের ভর্তা, পুদিনাপাতার ভাজি ও মিষ্টি কুমড়ার তরকারি দিয়ে গরম ভাত সবাই বেশ উপভোগ করলাম। খাবারের বিশেষ আকর্ষণ ছিল ব্যাম্বু চিকেন।
প্রায় এক ঘণ্টা ঘোরাঘুরি শেষে আবার যাত্রা শুরু হলো। পথে একটি জায়গায় গাড়ি থামানো হলো। পাহাড়ের সমতল জায়গা থেকে বগালেক দেখা যাচ্ছিল। দূর থেকে লেকটিকে মনে হচ্ছিল, কেউ যেন পাহাড়ের বুকে মনের মাধুরী মিশিয়ে একটি সুইমিং পুল তৈরি করে রেখেছেন।
বগালেকের চেকপোস্টে ফেরার তথ্য দিয়ে আবার আঁকাবাঁকা পাহাড়ি পথে গাড়ি ছুটতে শুরু করল।
ইশরাত আপা প্রথম দিন থেকেই লেক ও পাহাড়ের সৌন্দর্যে এতটাই মুগ্ধ হয়েছিলেন যে, বারবার ‘ওয়াও, ওয়াও’ বলে আনন্দ প্রকাশ করছিলেন। বগালেকের পথ পেরিয়ে আসার পর তাঁর সেই উচ্ছ্বাস যেমন থেমে গেল, তেমনি আমাদের মনও খারাপ হয়ে গেল। এমন সুন্দর পরিবেশ ছেড়ে আসতে কারও মন চাইছিল না।
পথে মুনলাইপাড়ায় গাড়ি থামানো হলো। পর্যটকদের যাতায়াতকে কেন্দ্র করে পাড়াটির দুই পাশে পাহাড়িদের হাতে বোনা পোশাক, মাফলার ও চাদরের দোকান গড়ে উঠেছে। পাশাপাশি বিভিন্ন ফলমূল ও প্রয়োজনীয় জিনিসপত্রের দোকানও রয়েছে। সেখান থেকে কিছু কেনাকাটা করে আবার রওনা দিলাম।
রুমায় ফিরে কোনো চাঁদের গাড়ি পাওয়া গেল না। শেষ পর্যন্ত আরেকটি দলের সঙ্গে মিলে একটি রিজার্ভ বাস নিয়ে বান্দরবান শহরে পৌঁছালাম।
দুপুরে খাবার খাওয়ার সুযোগ হয়নি। সবাই বেশ ক্ষুধার্ত ছিলাম। সন্ধ্যায় দুপুর ও রাতের খাবার একসঙ্গেই সেরে নিলাম। বাস ছাড়ার আগের সময়টুকুতে বান্দরবান শহর ঘুরে দেখলাম।
শনিবার ভোরে ফিরে এলাম চিরচেনা যান্ত্রিক শহর ঢাকায়।
পাহাড়, লেক, মেঘ, চাঁদের আলো আর নতুন কিছু মানুষের সঙ্গে কাটানো কয়েকটি দিন—সব মিলিয়ে ভ্রমণটি হয়ে থাকল এক স্মরণীয় অভিজ্ঞতা। ব্যস্ত জীবনে এমন কিছু মুহূর্তই বারবার মনে করিয়ে দেয়, প্রকৃতির কাছে গেলে মনও নতুন করে প্রাণ ফিরে পায়।
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |